শোকসভায় প্রতিশ্রুতির ঢালি মওদুদের
ক্ষমতায় গেলে সাভারের ঘটনায় নিহতদের ২০ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক শোকসভায় রোববার তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, “সাভারে যা হয়েছে, সেটা কোন দুর্ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড। একটি মিছিলে থাকার অপরাধে আমাদেরকে জেলে যেতে হয়েছে, আর রানা প্লাজার বিষয়ে বলা হচ্ছে তদন্ত চলছে।
“কোন তদন্তের জন্য অপেক্ষার প্রয়োজন নেই, এই ঘটনায় স্থানীয় প্রশাসন, মুরাদ জং, রানাসহ এই ঘটনায় জড়িতদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “রাজিব হত্যার পর আপনি তাকে দেখতে গেলেন। গিয়েছেন ভালো করেছেন, আমাদের আপত্তি নেই। কিন্তু এতগুলো লোক মারা গেলো, আপনি তাদেরকে দেখতে গেলেন না। তাদের জন্য কি আপনার একটু দয়াও নেই?”
মওদুদের বক্তব্যের আগে বিভিন্ন বক্তা সাভারে নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ১০ লাখ টাকা করে দেয়ার দাবি জানান।
বক্তব্যের সূত্র ধরে মওদুদ বলেন, “টাকা প্রদানের দাবি উঠেছে। এই দাবি মেনে নেন। নয়ত বিএনপি ক্ষমতায় গেলে নিহতদের পরিবারের প্রত্যেককে ২০ লাখ টাকা করে দিবে। আহতদেরকে ১০ লাখ টাকা করে দিবে, চাকরি দিবে ও পুনর্বাসন করবে “
এ সময় বিএনপি-জামায়াতের সরকারের সময় সংঘটিত স্পেকট্রাম গার্মেন্ট দুর্ঘটনায় আহত-নিহতদের অবস্থা কি তা নিয়ে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা।
উত্তরে মওদুদ বলেন, “রেকর্ডে দেখে বলতে হবে।”
স্পেকট্রামের দুর্ঘটনার সময় আইনমন্ত্রী ছিলেন মওদুদ আহমদ। অন্য দুটি গার্মেন্টসসহ এই গার্মেন্টস দুর্ঘটনার পর কী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, রোববার হাই কোর্টের একটি বেঞ্চ তা ১ সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে।
শোকসভায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী। অনুষ্ঠানের পর শোকপ্রস্তাব পড়ে শোনান সমিতি সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
