২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে জামায়াত-আ. লীগ সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার দুপুরে শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- জামায়াত নেতা আব্দুল বশির (৩৬), আওয়ামী লীগকর্মী নাসির উদ্দীন (৪৫) ও নূর শেদ (৫০)।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ভবানীপুর গ্রামের এক বাড়িতে আওয়ামী লীগের বৈঠক চলছিল। ওই সময় বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে আব্দুল বশিরকে আওয়ামী লীগ কর্মীরা কুপিয়ে জখম করে।

এ ঘটনার জেরে উভয় দলের কর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে কমপক্ষে ১৭ জন আহত হন।

এর মধ্যে আহত নাসির ও বশিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। গুরুতর আহত নূর শেদকে রাজশাহী নেয়ার পথে রাতে তারও মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহত আব্দুল বশির শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ভবানীপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক।

থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, নূর শেদ ওমরপুর গ্রামের এবং নাসির শরৎনগর গ্রামের বাসিন্দা। তারা দুজনই আওয়ামী লীগ কর্মী।