চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।
রোববার নগরীর ইপিজেড ও সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তানিয়া আক্তার দিতি (৬) নগরীর ফ্রিপোর্ট এলাকার মো. জামালের মেয়ে এবং বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেনীর ছাত্রী ।
কুমিরা এলাকায় নিহত ট্রাক ড্রাইভার মো. রফিক (৩৫) বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসিন্দা ।
নিহত শিশু দিতির খালু মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সাড়ে বারটার দিকে ইপিজেড মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে সে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদীন।
এদিকে, কুমিরা ফায়ার স্টেশন এর জ্যেষ্ঠ স্টেশন অফিসার দিদার উল আলম জানান, সকালে ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাটির স্তূপের সাথে ধাক্কা খেলে ড্রাইভার রফিক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান নায়েক জয়নাল।
