নারায়ণগঞ্জে গুলি করে ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ারকে গুলি করে ছয়লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় আকিজ গ্রুপের স্থানীয় এজেন্টের ক্যাশিয়ারকে গুলি করে এ ছিনতাই হয় বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ ক্যাশিয়ার রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহ আলম জানান, ফতুল্লার রামারবাগ এলাকার আয়েশা মঞ্জিলের নিচ তলায় আকিজ গ্রুপের স্থানীয় অফিস থেকে সকাল ১০টায় দিকে তিনি, ক্যাশিয়ার রিপন, কর্মকর্তা আসাদ ৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার জন্য বের হন। পথে লামাপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় ক্যাশিয়ার রিপনসহ অন্যরা বাধা দিলে তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে ছিনতাইকারীরা। একটি গুলি রিপনের পায়ে লাগে। এর পর ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
