গাজীপুরে শ্রমিকদের অবরোধ, ভাংচুর
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে পোশাক শ্রমিকরা। এর আগে কয়েকটি কারখানায় ভাংচুরও করে তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় রোববার বেলা ১১টার দিকে একদল পোশাক শ্রমিক ফুয়াং সিরামিকস, সানফ্লাওয়ার ফুড অ্যান্ড সিরামিকস ও গ্যালাক্সি সিরামিকসের কারখানা ভাংচুর করে।
এ সময় তারা রাস্তায় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে পুষ্পদাম পিকনিক স্পটের কাছে রাস্তায় আটকা পড়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়িবহরও।
মন্ত্রীর সঙ্গে থাকা মো. সাইদুর রহমান সৈকত জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সেনাবহিনীর তত্বাবধানে নির্মানাধীন রাস্তার কাজ পরিদর্শনের জন্য ময়মনসিংহ থেকে গাজীপুরে আসছিলেন মন্ত্রী।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, সিরামিকসের কারখানাগুলো বন্ধ রাখার দাবিতে তারা ওই ভাংচুর চালায়।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির পর বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের প্রেক্ষাপটে শনি ও রবিবার তৈরি পোশাক শিল্পের সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় এ খাতের উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
