সাভারের লাশবাহী গাড়ি দুর্ঘটনায়, নিহত ৩
সাভারে ভবন ধসে নিহত এক শ্রমিকের লাশ নিয়ে পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলে আরো তিন প্রাণ।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ওসি আব্দুল জলিল জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকলরির সঙ্গে দ্রুত গতিতে চলতে থাকা অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হলে চালকের সহকারী ও দুই পথচারী তিনজন নিহত হন। আহত হন আরো অন্তত পাঁচ জন।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালকের সহকারী মাদারীপুরের নুরুল ইসলাম (২৭) এবং পথচারী শাহজাদপুর উপজেলার আলোকদ্দিয়ার গ্রামের লোকমান হোসেন (২৪) ও তাইজল হোসেন (৫০)।
সাভারে ভবন ধসে নিহত তহুরা বেগমের বাবা আব্দুস সোবাহান এবং তার আত্মীয় দুলাল হোসেন, শাহিন, লাল মিয়া ও শাহজাহান আলী এ দুর্ঘটনায় আহত হন । তাদের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চান্দাইগ্রামে।
ওসি বলেন, “অ্যাম্বুলেন্স চালক বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছিলেন। বাঘাবাড়ি নৌবন্দরের গেইটের সামনে তিনি নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকলরির পেছনে সজোরে ধাক্কা খায়।”
এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি।
আহতদের বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
