২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের নির্দেশ হাই কোর্টের

সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন শনিবার রাতে এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সাভারে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের  নির্দেশ কেন দেয়া হবে না- মর্মে একটি রুল জারি করেন উচ্চ আদালতের দুই বিচারপতি। ওই রুল বিবেচনাধীন থাকা অবস্থায় সেখানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের নির্দেশ দেন তারা।

অক্সিজেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আর এই আদেশ বাস্তবায়ন নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত সাড়ে তিনশ’র বেশি মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই হাজার মানুষকে। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।