২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার আরো এক শ্রমিকের লাশ দাফন, নিখোঁজ ১৮

সাভারে ভবন ধসে নিহত বরগুনার আরো এক শ্রমিকের লাশ শনিবার দাফন করা হয়েছে। এনিয়ে বরগুনার ১১ শ্রমিকের লাশ দাফন হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

তবে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন। যাদের খোঁজে বাড়িঘর ছেড়ে  স্বজনরা সাভারে প্রতীক্ষার প্রহর গুণছেন।  

বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের লিপি আক্তারের লাশ সন্ধ্যায় বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয়।

পচন ধরায় বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই লাশ দাফন করা হয়। কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ বাবা আবদুল মালেক গাজী ও বৃদ্ধা মা আমেনা বেগম মেয়েকে [লিপি] হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন। লিপিই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাদের কোন ছেলে সন্তান নেই। পাঁচ মেয়ের মধ্যে লিপি ছিল সবার ছোট। বাকী চার মেয়ের বিয়ে হয়েছে।লিপি পোষাক কারখানায় কাজ করে যে টাকা বাবা-মাকে পাঠাতেন, তা দিয়ে তাদের সংসার চলতো।

সাভার ট্রাজেডিতে এ পর্যন্ত বরগুনার নিহত যেসব শ্রমিকের লাশ দাফন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান নান্না, বেতাগী উপজেলার বড় মোকামিয়া গ্রামের নজরুল হকের ছেলে নান্না হাওলাদার, পাথরঘাটার কালিপুর গ্রামের নুরুল হকের মেয়ে বিলকিস আক্তার, পাথরঘাটার দক্ষিণ আমড়াতলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তিতুমীর কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র ইলিয়াস, বামনা সদর ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে মনির, বামনার কালিকাবাড়ি গ্রামের মুনসুর আলীর ছেলে বেলায়েত হোসেন বেল্লাল, পাথরঘাটার কালিপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সুজন, পাথরঘাটার জালাল উদ্দিনের ছেলে নয়ন, বেতাগী আয়লা চান্দখালী গ্রামের আ. আজিজের ছেলে সোহাগ, বেতাগীর বকুলতলী গ্রামের মালেক গাজীর মেয়ে লিপি আক্তার।

আর ওই ভবন ধসে যারা এখনো নিখোঁজ রয়েছেন তারা হলেন-  বামনা উপজেলার ফারুক চৌকিদারের ছেলে নাসির, বেতাগী উপজেলার কিসমত ভেলানাথপুর গ্রামের কুট্টি মোল্লার ছেলে আলামিন, বরগুনার ক্রোক গ্রামের করিম মাতুব্বরের মেয়ে নিলুফা, বরগুনার ডালভাঙ্গা গ্রামের আঃ রাজ্জাক আকনের স্ত্রী আকতার কাজল, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের নুরুল হকের ছেলে আজমল, পাথরঘাটা পৌর শহরের ১ নং ওয়ার্ডের পুতন মুচির ছেলে সুজন, কালিপুর গ্রামের মোনাব্বার হাজ্বীর ছেলে আলামিন, ছোট পাথরঘাটা গ্রামের খবির উদ্দিনের ছেলে বাদল, কুপধন গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী রীনা, রায়হানপুর গ্রামের জব্বার মিয়ার মেয়ে ফাতিমা, খাসতবক গ্রামের হাসিনা বেগম, পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জয়নালের মেয়ে ছিদ্দিকা, রায়হানপুর গ্রামের কাদের মুন্সীর মেয়ে জয়নব, কাদের মুন্সীর নাতী সোহেল, কাকচিড়া মাঝেরচর গ্রামের সফুরা, কাকচিড়ার তোফাজ্জেল, পাথরঘাটা পৌরসভার বরইতলা সড়কের মৃত আলতাফ হোসেনের মেয়ে সোনিয়া এবং ইমান আলী সড়কের নুরুল অলমের স্ত্রী নাসরিন ওরফে আমেনা।