২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের ১৩ দফা প্রত্যাহারের দাবিতে নারী সমাবেশে

হেফাজতে ইসলামের ১৩ দফা প্রত্যাহারের দাবিতে নাটোরে শনিবার নারী সমাবেশ হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

সচেতন নারী সমাজের ব্যানারে বিকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নারী নেত্রীরা বলেন, হেফাজত ইসলাম তাদের ১৩ দফা বাস্তবায়ন করে  এ দেশের মহিলাদের ঘরে আটকে রাখতে চায়। দেশে নারীরা যখন একের পর এক সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছে, তখনই হেফাজত তাদের ঘরে বন্দি করে রাখতে চায়।

তারা অভিযোগ করেন, হেফাজতে ইসলাম ‘ব্লাসফেমি’ আইন চালু করে দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাচ্ছে।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে সাভারে বহুতল ভবন ধসে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সচেতন নারী সমাজের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ সভানেত্রী দিলারা বেগম পারুল, এম কে কলেজের প্রভাষক ফিরোজা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখা, প্রভাতী বসাক, আঞ্জুমান আরা পপি, নারী মুক্তি আন্দোলনের সভানেত্রী পারভিন আক্তার, বিজলী রেজা, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমুখ।