বিদেশ পাঠিয়ে রানাকে গ্রেপ্তারের নির্দেশ: কাদের সিদ্দিকী
রানা প্লাজার মালিক সোহেল রানাকে নিরাপদে বিদেশ পাঠিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “রানাকে গ্রেপ্তারের কথা প্রধানমন্ত্রীর ঘোষণা করতে হবে কেন? তিনি (প্রধানমন্ত্রীর) ঘোষণা করায় একটি রহস্য উদ্ঘাটিত হয় তা হলো- মাসুদ রানাকে নিরাপদে বিদেশ পাঠিয়ে গ্রেপ্তারের ঘোষণা দেয়া হলো।”
গত ২৪ এপ্রিল সাভারে যুবলীগ নেতা রানার মালিকানাধীন ভবন ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে তিনশ’ ছাড়িয়ে গেছে। বেঁচে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন, ফাটল ধরা ভবনটিতে কাজ করতে না চাইলেও তাদের জোর করে ঢোকানো হয়েছে।
হাই কোর্টও তাদের ৩০ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলেছে।
সাভারের ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করে কাদের সিদ্দিকী বলেন, “আমার মনে হয়েছে বিরোধী দলের হরতালকে ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে একটি পরিত্যক্ত ভবনে গরিব শ্রমিকদের উঠিয়ে হত্যা করা হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, “আমি আগেই বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী কী ধরনের মানুষ, এখন তো উনার (স্বরাষ্ট্রমন্ত্রীর) বয়স হযেছে। এ বয়সেও সবাইকে নিয়ে তামাশা করেন, আর স্বাধীনতার যুদ্ধের সময় কী করেছিল, বুঝেন।”
আওয়ামী লীগ সাংসদ মুরাদ জংকেও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিযার্তন ও গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক ওই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “গণ-মাধ্যমের উপর নিযার্তন নতুন বিষয় নয়। পঞ্চাশ বছর ধরে দেখে আসছি-সরকার প্রেসের (গণমাধ্যম) বিরুদ্ধে।”
স্বাধীনতার আগে দৈনিক ইত্তেফাকের উপর নিযার্তনের উদাহরণও টানেন এই বর্ষীয়ান আইনজীবী। তিনি বলেন, “সরকার যা করার করুক, আমরা নীতি থেকে পিছপা হব না।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, পত্রিকা বন্ধ করে বিচার কেন? মাহমুদুর রহমানের অন্যায় থাকলে তার বিচার করুন।
মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করেন তার সব বিষয়ের সঙ্গে একমত নয় জানিয়ে তিনি বলেন, যে সব সাংবাদিক মাহমুদুর রহমানের গ্রেপ্তারে খুশি, তিন বছর হোক পাঁচ বছর হোক একই পরিণতি বরণ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ কথা বলেন।
