জাবি শিক্ষকদের কর্মবিরতি
উপাচার্যের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতিসহ সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড ও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া, গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বক্তব্য, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রক্টরিয়াল বডির অপসারণ না করায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষকদের এই সংগঠন।
সমিতির সম্পাদক শরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিক ব্যর্থতার দায় নিয়ে উপাচার্যকে সরে যেতে হবে।”
তবে জীব বিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগে সকালে একটি ক্লাস অনুষ্ঠিত হয়ে বলে জানান ওই বিভাগের শিক্ষার্থী রাশেদ রাশিব।
এদিকে প্রক্টরসহ তিন সহকারী প্রক্টর বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বর্তমান প্রশাসনে কাজের অনুকূল পরিবেশ নেই- এমন অভিযোগ তুলে তারা পদত্যাগপত্র জমা দেন।
তারা হলেন, প্রক্টর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সোহেল আহমেদ এবং সহকারী প্রক্টররা হলেন, মেহেদী ইকবাল, হোসেন মো. সায়েম এবং আক্কাস আলী।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ কর্তৃক অর্থনীতি বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য নুরুল হককে লাঞ্ছনার বিচার দাবিতে শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
