লেকে ডুবে মেরিন একাডেমি ক্যাডেটের মৃত্যু
লেকে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে মেরিন একাডেমির এক সিনিয়র ক্যাডেটের মৃত্যু হয়েছে।
নিহত এইচ এম মাসুদ (২১) কুমিল্লা জেলার বরুড়া থানার সোনাইছড়ি গ্রামের মাইনুল ইসলামের ছেলে।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেরিন একাডেমির লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান মাসুদ ।
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এসবিএ মো. আক্তার উদ্দিন বলেন, কয়েকজন বন্ধু মিলে লেকে সাঁতার কাটতে যান মাসুদ। কিন্তু ভালো করে সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে যান তিনি।
বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মাসুদকে মৃত ঘোষণা করেন।
