২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের দুর্ঘটনায় জড়িতদের শাস্তি দাবি বিএনপির

যুবলীগ নেতা সোহেল রানাসহ সাভারের দুর্ঘটনার জন্য জড়িত অন্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সকালে বন্দরনগরীর নিমতলায় মহানগর বিএনপি ও বন্দর শ্রমিকদলের এক মানবন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানবন্ধন ও সমাবেশ হয়।

সমাবেশে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নিহতদের পরিবার ও আহতদের জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ সুচিকিৎসার ব্যবস্থা করুন। যারা এখনো বেঁচে আছে তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।”

তা করতে ব্যর্থ হলে জনগণ ক্ষমা করবে না, বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের এবং আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের সমালোচনা করেন খসরু।

এছাড়া পদ্মা সেতু, শেয়ার বাজার, ইউনিপে টু ইউ ও ডেসটিনির দুর্নীতির বিচারে সরকারের অপারগতার অভিযোগ করেন তিনি।

জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর থানা সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, বন্দর থানা সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ।