২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ঘটনায় সরকারের সমালোচনায় নিউ ইয়র্ক টাইমস

সাভারে ভবন ধসে বহু মানুষ হতাহতের প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ না নেয়ায় বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

বারবার এ ধরনের ‘মর্মান্তিক’ ঘটনা ঘটলেও তা এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে মনে করে দৈনিকটি।

‘অ্যানাদার প্রিভেন্ট্যাবল ট্রাজেডি ইন বাংলাদেশ’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাটির এক সম্পাদকীয়তে বলা হয়, শেখ হাসিনা একজন প্রভাবশালী নেতা, যার  ক্ষমতা রয়েছে দেশের ৩৫ লাখ পোশাক শ্রমিকের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনার।

শ্রমিকদের অবস্থার উন্নয়নে তাকে অবশ্যই বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়নের পাশাপাশি নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে কারখানা পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের সংগঠন গড়ে বেতন-ভাতা ও  নিরাপদ কর্মস্থলের জন্য মালিকপক্ষের সঙ্গে দর কষাকষির অধিকার দেয়া হলেও তার বাস্তবায়ন নেই।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও যুক্তরাষ্ট্রের কাছে প্রতিশ্রুতি দেয়ার পরেও বাংলাদেশ সরকার শ্রমিকদের এই অধিকার রক্ষা করছে না।

গত বছর শ্রমিক নেতা আমিনুল ইসলাম নিহতের ঘটনা তুলে ধরে নিবন্ধে বলা হয়, শ্রমিকরা সংগঠন করতে গেলে তাদের চারকরিচ্যুৎ ও মারধর করা হয়। কখনো কখনো হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে।

শ্রমিকদের সংগঠন থাকার উপর গুরুত্বারোপ করে নিবন্ধে বলা হয়, সাভারে রানা প্লাজায় ফাটল দেখা দেয়ার পর শ্রমিকরা সেখানে ঢুকতে না চাইলে তাদের জোর করে কারখানায় ঢোকানো হয়। সেখানে শক্তিশালী শ্রমিক সংগঠন থাকলে তারা বহু সংখ্যক মানুষের প্রাণহানির এ ঘটনা এড়াতে পারতো।

ইমারত বিধিমালা ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সরকারের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে নিবন্ধে মত দেয়া হয়।

তাতে বলা হয়, পোশাক কারখানার মালিক ও তাদের পরিবারের সদস্যরা প্রভাবশালী এবং তারা জাতীয় সংসদের ১০ শতাংশ আসন দখল করে আছে।  তাদের একটি প্রভাবশালী অ্যাসোসিয়েশনও রয়েছে।

শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে মালিকরা তীব্র বাঁধার সৃষ্টি করে।

শেখ হাসিনার পক্ষে শ্রমিকদের পাশে দাঁড়ানো কঠিন হলেও লাখ লাখ নারীর জীবনমানের উন্নয়নে তার ওই সব পদক্ষেপ নেয়া জরুরি বলে নিবন্ধে অভিমত ব্যক্ত করা হয়।

এছাড়া পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে অর্থ দেয়ার জন্য পশ্চিমা ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয় ওই নিবন্ধে।

শ্রমিকদের সংগঠন করার সুযোগ দেয়া এবং নিয়মিত কারখানার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ উন্নত করতে সরকার ও কারখানা মালিকদের উপর চাপ প্রয়োগেরও আহ্বান জানানো হয় তাদের প্রতি।