২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ঘটনায় না’গঞ্জে বিক্ষোভ

সাভারে রানা প্লাজা ধসে প্রাণহানির জন্য ভবন মালিক ও গার্মেন্ট মালিকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এ দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ফ্রন্টের জেলা শাখা। সমাবেশে কয়েকশ’ শ্রমিক উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি ও সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহাঙ্গীর কবির গোলক।

সমাবেশে বক্তারা বলেন, সাভারে রানা প্লাজা ধসে এ পর্যন্ত তিন শতাধিক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো আটকা পড়ে আছে বহু শ্রমিক। উদ্ধার করা হয়েছে দুই হাজারের বেশি শ্রমিককে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ ধীর গতিতে হচ্ছে অভিযোগ করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়ার পরও সেখানে শ্রমিকদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে।

তাদের অভিযোগ, এর আগে তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের মৃত্যু হলেও গার্মেন্টস মালিককে গ্রেপ্তার করা হয়নি। বার বার নির্মম হত্যাকাণ্ড ঘটলেও গার্মেন্টস মালিকরা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

অবিলম্বে রানা প্লাজার মালিক, গার্মেন্টস মালিক এবং তাজরীন ফ্যাশন্স মালিককে গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি করেন শ্রমিক নেতারা।

সমাবেশ শেষে একটি  বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ও কাঁচপুরে কারখানা শ্রমিকরা বেশ কয়েকটি পোশাক কারখানায় ইট নিক্ষেপ করেছে।

এ সময় শ্রমিকরা কয়েকটি পোশাক কারখানায় ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বলে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান।

শিল্প-৪ এর এএসপি মো. মাসুদ বলেন, পরিস্থিতি শান্ত আছে। পোশাক কারখানাগুলো বন্ধ রয়েছে। রূপগঞ্জ ও কাঁচপুরে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা ইট নিক্ষেপ করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।