২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতেও চলবে উদ্ধারকাজ

বৃষ্টি হলেও চলছে সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ। এতে সহায়তার জন্য ত্রিপলসহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

সাভার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 07:26 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রানা প্লাজায় শনিবার দুপুরে উদ্ধার কাজ চলার মধ্যেই বৃষ্টি নামে, তবে ১৫ মিনিট স্থায়ী এই বৃষ্টিতে উদ্ধার কাজ আগের মতোই চলছিল।

উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মোহাম্মদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতেও আমাদের কাজ চলবে।

“এ মুহূর্তে উদ্ধারকাজের সুবিধার্থে  ত্রিপল, মোটা পলিথিন সরবরাহের জন্য সবাইকে অনুরোধ করছি।”

বৃষ্টি শুরুর পর কিছু ত্রিপল ও পলিথিনের ব্যবস্থা হয়। তবে পরে ভারী বৃষ্টি হলে তা দিয়ে পরিস্থিতি শামাল দেয়া সম্ভবপর হবে না বলে উদ্ধার কর্মীরা বলছেন।

এদিকে লাশ রাখার স্থান অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছে নিখোঁজদের স্বজনরা। সেখানে ত্রিপলসহ সামিয়ানার অভাব রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা অঞ্চলের ওপর দিয়ে দমকা হওয়াসহ ঝড়ো বৃষ্টিপাত হতে পারে।

ভবন ধসের ৭২ ঘণ্টা পর শনিবার দুপুরেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত সর্বশেষ ব্যক্তিটিকে উদ্ধার করা পর্যন্ত তল্লাশি চলবে বলে উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া সেনাবাহিনী জানিয়েছে।

ধ্বংসস্তূপ থেকে চার দিনে ৩৩৩টি লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আড়াই হাজার জনকে।