২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশের পাশে প্রাণের আকুতি

সাভার বাসস্ট্যান্ড ও অধরচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে আছে লাশের গন্ধে। এরই মধ্যে স্বজনের খোঁজে ছবি হাতে সারা দিন অপেক্ষায় রয়েছেন বহু মানুষ।

সেলিম আহমেদ

মামুনুর রশীদ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

ধসের ৪৮ ঘণ্টা পর উদ্ধার অভিযানের তৃতীয় দিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭২ জনকে। তাই প্রিয়জনেক ফিরে পাওয়ার আশায় বুক বেধেছেন অনেকেই।

উদ্ধারকারীরাও আশা দিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই জীবিত রয়েছে।

তবে সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বাড়ছেই, সরকারি হিসেবে যা ৩০৭ জনে দাঁড়িয়েছে। সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর তা নিয়ে যাওয়া হয় অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানেই স্বজনরা বুঝে নিচ্ছেন মরদেহ।

স্কুলের ফটকে সাদা কাগজে পরিচয় লিখে প্রিয়জনের সন্ধান চাচ্ছেন বাকিরা।

সাভার থানা পুলিশের পরিদর্শক আমিনুর রহমান ঘটনাস্থলে জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা ৩০৭ জনের লাশের মধ্যে ২৮৭ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পচতে শুরু করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কয়েকজনের লাশ।

সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনে কর্মরতদের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী নিখোঁজদের একটি তালিকা করেছেন তারা।

তিনি বলেন, “স্বজনদের দেয়া আইডি কার্ড ও ছবি দেখে আমরা নাম লিপিবদ্ধ করছি। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬৫৯ জনের তালিকা হয়েছে।”

আর নিহত শ্রমিকদের মধ্যে যাদের পরিচয় মিলবে না তাদের ডিএনএ সংরক্ষণ করবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেকে) ফরেনসিক বিভাগ। স্বজনদের সঙ্গে ডিএনএ মিলিয়ে পরে তাদের সনাক্ত করা হবে।

বুধবার সকালে ধসের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমন্বিত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, বিজিবি ও র‌্যাব। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।

তবে সময় যতো গড়াচ্ছে ততোই কমছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভবনা। সন্ধ্যা পর্যন্ত ৭২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও কারো কারো ক্ষেত্রে ঘটনাস্থলেই অস্ত্রোপচার করে হাত-পা কেটে ফেলতে হয়েছে। কাউকে আবার হাসপাতালে আনার পর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাবে চিকিৎসক ডা. হীরা।

এদিন যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে শিল্প পুলিশের দুই সদস্যও রয়েছেন, যারা বুধবার সকালে রানা প্লাজায় গিয়েছিলেন পোশাক কারখানা খোলা রাখার খবর শুনে। 

শুক্রবার ধ্বংসস্তূপ ঘুরে দেখা যায়, সাভারে ধসে পড়া ভবনের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে ওপর থেকে ছাদ ফুটো করে নিচের দিকে নামছেন উদ্ধারকর্মীরা। ছোট ছোট এ রকম দশটি সুরঙ্গ পথে বের করে আনা দেহগুলোর মধ্যে কোনোটিতে আছে প্রাণের স্পন্দন, কোনো কোনটি পঁচে ফুলে উঠেছে।

উদ্ধারকর্মীরা জানান, আরো ধসের ঝুঁকির কথা মাথায় রেখে তারা ভারী যন্ত্র ব্যবহার করতে পারছেন না। ড্রিল মেশিন আর রড কাটার যন্ত্র দিয়ে ওপর থেকে ধসে পড়া প্রতিটি তলা ফুটো করেই জীবিতদের সন্ধান করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক মো. শাহীনুল ইসলাম বিকাল সাড়ে ৪টার পর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের হালকা ও ভারী দুই ধরনের যন্ত্রই আছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য যতো বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করা। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের অভিযান পরিচালনা করতে হচ্ছে।”

ভেতরে কতোজন এখনো জীবিত থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তা বলা সম্ভব হচ্ছে না। এখনো অনেক জায়গায় প্রবেশ করা সম্ভব হয়নি।”

আইএসপিআর পরিচালক বলেন, “আমাদের মূল লক্ষ্য মানুষের প্রাণরক্ষা করা। একজন জীবিত মানুষ আটকে থাকলেও সে উদ্ধার হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

উদ্ধার অভিযানে অংশ নেয়া মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মো. আনোয়ার হোসেন বলছেন, ভবনের চারতলাতেই সবচেয়ে বেশি মানুষ জীবিত পাওয়া গেছে।

“চারতলার নিচের তলাগুলোতে মার্কেট থাকায় সেখানকার দোকানগুলো বন্ধ ছিল। তাই ওখানে মানুষ এমনিতেই কম থাকার কথা।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন এবং অর্থ) আব্দুস সালাম বলেন, “আমরা নয় তলা ভবনের ছাদ থেক শুরু করে চার তলা পর্যন্ত অনেকগুলো পরিখা তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মনে করছি, চার তলায় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এবং এখনো তারা জীবিত আছেন।”

এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, জীবিতদের উদ্ধারে শনিবার সকাল পর্যন্ত ধ্বংসাস্তূপে তল্লাশি চলবে।

“আমরা এখনো জীবিত মানুষ পাচ্ছি। ৭২ ঘণ্টা (ভবন ধসের পর থেকে) পর্যন্ত জীবিতদের সন্ধান করবো আমরা। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনের ধ্বংসাস্তূপ সরানোর কাজ শুরু হবে। বিভিন্ন যন্ত্রপাতি ইতোমধ্যে নেয়া হয়েছে সেখানে।”

অবশ্য ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা (পরিচালক) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের ভেতরে এখনো অনেক মানুষ জীবিত অবস্থায় আটকে রয়েছে, যাদের খাবার, পানি দেয়া হয়েছে। তারা আরো ৭২ ঘণ্টা জীবিত থাকবে। কাজেই এখনই উদ্ধার অভিযান শেষ করা ঠিক হবে না।

৫৬ শতাংশ জমির ওপর গড়ে ওঠা নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি কারখানা।

আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।

ভবনটির মালিক স্থানীয় যুবলীগ নেতা মো. সোহেল রানা এবং ওই ভবনের পাঁচ গার্মেন্টের মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় দুটি ও শ্রম আদালতে পাঁচটি মামলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে।

তবে ভবন ধসের ৬০ ঘণ্টায়ও রানাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ‘রানা প্লাজা’ থেকে বের করে আনেন রানাকে, তারপর থেকে আত্মগোপনে তিনি।

অবশ্য শুক্রবার মানিকগঞ্জের হরিনামপুর থানার পোদ্দারবাড়ী এলাকা থেকে সোহেল রানার চাচাত ভাইয়ের স্ত্রী মুন্নী বেগম ও রানার ফুফা আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তবে ভবন ধসে হতাহতের ঘটনায় সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিরোধী বিএনপি। 

দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, “পিলখানার ঘটনার মতোই এবারো সাভারের ঘটনায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে সরকারের অবহেলা ও নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়ে গেছে। এটি কোনো দুঘর্টনা নয়, একটি হত্যাকাণ্ডের ঘটনা ছিল।”