সাভার ট্র্যাজেডি: শেরপুরের তিন শ্রমিকের লাশ দাফন
সাভারে বহুতল ভবন ধসে নিহত শেরপুরের তিন শ্রমিকের লাশ দাফন করেছেন তাদের স্বজনরা।
গত দুই দিনে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুগোপ গ্রামের পোশাক শ্রমিক রহিমা বেগম ও শালমারা গ্রামের কাউছার এবং ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের গামের্ন্টস কর্মী পারভিনের লাশ দাফন করা হয়।
ওসি গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে আরো চার জনের লাশ নালিতাবাড়ীতে নিয়ে আসা হচ্ছে বলে তাকে জানানো হয়েছে।
ভবন ধসের ঘটনায় নালিতাবাড়ী উপজেলার আরো ১৫ জন নিখোঁজ রয়েছে বলেও ওসি জানান।
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
