হেফাজত কর্মীদের হাতে লাঞ্ছিত মাওলানা জালাল উদ্দিন
চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে লাঞ্ছিত হয়েছেন নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। তবে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ এ ঘটনায় কোনভাবেই তারা সম্পৃক্ত নন বলে দাবি করেছেন।
এ সময় জমিয়তুল ফালাহ মাঠে চলছিল হেফাজতে ইসলামের শানে রেসালাত মহাসমাবেশ।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমার নামাজের দোয়া ও খোতবা শেষ হওয়ার পর মসজিদের ভেতরে থাকা হেফাজতের কর্মীরা খতিব ও জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরীকে অবরুদ্ধ করে রাখে।
এসময় উত্তেজিত কয়েকজন খতিবকে লক্ষ্য করে কয়েকটি জুতাও নিক্ষেপ করে। পরে হেফাজত নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে তিনি তার কক্ষে অবস্থান নেন।
হেফাজতে ইসলামের রেসালত সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে মাওলানা জালালুদ্দিন আল কাদেরী জমিয়তুল ফালাহ মসজিদ ত্যাগ করেন।
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী এ ঘটনায় তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে এর জন্য দু:খ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একজন আলেমের ওপর বেইজ্জতি আমরা কখনোই সমর্থন করি না। বরং উদ্ধার করে খতিব সাহেবকে নিরাপদ স্থানে নিয়ে গেছি।”
জালাল উদ্দিন আল কাদেরী হেফাজতের সমালোচনাকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের গত ২০ এপ্রিলের লালদীঘির মহাসমাবেশে বক্তব্য রেখেছিলেন।
