২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলেও লাশের খোঁজে স্বজনরা

ভাইয়ের কোলে ছয় মায়ের শিশুকন্যা আমেনাকে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্বামী আলী হোসেনের লাশ শনাক্ত করছিলেন মমতাজ।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

সাভারে ধসে পড়া রানা প্লাজার ৪র্থ তলায় একটি তৈরি পোশাক কারখানায় অপারেটরের কাজ করতেন তার স্বামী আলী হোসেন। গত বুধবার ভবনটি ধ্বসে পড়ার পরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার।

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর তা নেয়া হচ্ছে কাছের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে যেসব লাশ স্বজনরা শনাক্ত করতে পারছে না সেগুলো পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাই আপনজনের খোঁজে আরো অনেকের মতো ভাই লাবু আর শিশু আমেনাকে নিয়ে হাসপাতালে আসেন মমতাজ।

মর্গের আশপাশে তখন পঁচে যাওয়া লাশের দুর্গন্ধে টেকা দায়। এরই মধ্যে মমতাজ এর ভাই লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলী হোসেনে মৃতদেহ উদ্ধার করার পরে তার পকেটে থাকা মুঠোফোন থেকে নম্বর যোগার করে আমাদের খবর দেওয়া হয়। তার আইডি কার্ড আর মুঠোফোন দেখে তাকে শনাক্ত করা হয়েছে।”

মমতাজ জানান, স্বামীর মোবাইল থেকে ফোন এলে তখন তিনি বেঁচে আছে ভেবে আনন্দে তার মন ভরে যায়। কিন্তু অপর পাশ থেকে অপরিচিত একটি কণ্ঠে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে।

তারপরও স্বামীকে দেখতে পারার আশায় বুক বেধেছিলেন মমতাজ, "প্রথমে সামান্য ভয় পাইলেও পরে ভাবলাম, স্বামী মনে হয় আঘাত পাইয়া হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু, হাসপাতালে আইসা দেখি, তিনি আর কোনো দিন আমারে ফোন করবেন না।"

মমতাজ বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমি ফোনটি পাই। এরপর শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে, পুলিশ আমার পরিচয় প্রমাণ করতে বলেন। আমি জানাই, স্বামীর মোবাইলে আমাদের সন্তানসহ কয়েকটি ছবি আছে। পুলিশ প্রথমে সেটি মিলিয়ে দেখে, তারপর আমাকে স্বামীর লাশ সনাক্ত করতে বলেন।"

মমতাজ জানান, তাকে তার স্বামীর মানিব্যাগ, মোবাইলসেটও বুঝিয়ে দেয়া হয়েছে।

মর্গের আশে পাশে আরো অনেককেই তাদের প্রিয়জনকে খুঁজতে দেখা গেলো। এদের একজন মনির এসেছেন তার বোন রেহানার খোঁজে। রানা প্লাজার চতুর্থ তলায় অপরারেটরের কাজ করতো রেহানা।

মনির বলেন, “সাভারসহ প্রায় সব হাসপাতালেই বোনকে খুজেছি। এখানেও পেলাম না। জানি না বোন বেঁচে আছে না মরে গেছে।”

লালবাগ থেকে ভাই নুর ইসলামকে খুঁজতে এসেছেন আব্দুস সাত্তার। তিনি জানান, ঘটনার সময় রানা প্লাজার তৃতীয় তলার একটি কারখানায় কাজ করতেন নুর ইসলাম।

খালাতো ভাই জাকির ও ফুফাতো বোন মমতাজের খোঁজে সিরাজগঞ্জ থেকে এসেছেন জুয়েল। তারা দুজনই ধসে পড়া ওই ভবনটির ৪ তলায় কাজ করতেন।

আহত ও নিহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গের সামনে ঢাকা জেলা প্রশাসন দুটি তথ্যকেন্দ্র বসিয়েছে।

তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি (গুলশান) ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শরিফুল ইসলাম বলেন, “শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল মর্গে নথীভুক্ত হয়েছে ৩১ টি লাশ। এর মধ্যে ৮টি পরিবার শনাক্ত করতে পারায় হস্তান্তর করা হয়েছে।”

শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়ে ভর্তি হয় ৩৫ জন, এর মধ্যে মারা যায় দুই জন।

সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের শেষকৃত্যের জন্য ২০ হাজার টাকা আর আহতদের পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেয়া হচ্ছে।

নয়তলা রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।

ধসের সময় ভবনটিতে তিন হাজারের বেশি মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

ধসের পরপরই স্থানীয়দের উদ্যোগে উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে তাদের পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমন্বিত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, বিজিবি ও র‌্যাব।