‘উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের লোকেরাই’
সাভারের ঘটনায় সরকারি বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন উদ্ধার তৎপরতায় নেতৃত্বদানকারী বাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটি ধসের পর উদ্ধার কাজ শুরু করেন ফায়ারসার্ভিসের কর্মীরা। এতে সবাই উদ্ধার কাজে সহযোগিতা করছেন।”
কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, ভবনের ভেতরে জীবিত ও মৃতদেহ অনুসন্ধান করছেন ফায়ার সার্ভিসের কর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা।
“একটি ভবনের ভেতরে কীভাবে ঢুকতে হয় এবং কীভাবে দেয়াল ভাঙতে হয়, অনুসন্ধান চালাতে হয়, সেসব বিষয়ে একমাত্র ফায়ার সার্ভিস কর্মীরাই প্রশিক্ষণপ্রাপ্ত।”
ফায়ার সার্ভিসের কাছ থেকে সব বাহিনী প্রশিক্ষণ নিয়ে থাকেন জানিয়ে আলী আহমেদ বলেন, “এখানে কাউকে ছোট করার জন্য এ কথা বলছি না। এ কারণে বলছি যে, টেকনিক্যাল কাজতো আর সাধারণ মানুষ বা প্রশিক্ষণহীন মানুষ করতে পারেন না।
“তবে এটা সত্য যে, অসংখ্য সাধারণ মানুষ উদ্ধার অভিযানে সাহায্য করছেন। প্রায় তিনশ মৃতদেহ উদ্ধার, দুই হাজারের ওপরে আহত মানুষকে উদ্ধার অবশ্যই সাধারণ মানুষের সহযোগিতায় সম্ভব হয়েছে। তা নাহলে আমাদের কর্মীদের ওপর অনেক চাপ পড়তো।”
প্রশিক্ষণ না থাকলেও এদের মধ্যেই কেউ কেউ আছেন, যারা ফায়ার সার্ভিস কর্মীদের দেখানো কৌশলে গ্রিল কাটা বা কিছু কাজ ‘দক্ষতার সঙ্গে’ করছেন।
“মোট কথা টেকনিক্যাল কাজ ছাড়া বাকি সব কাজই সাধারণ মানুষ করছেন।”
ধ্বংসস্তূপের ভেতরে সাধারণ পোশাকের অনেককেই দেয়াল ড্রিলিং বা দেয়াল ভাঙার মতো কাজ করতে দেখা গেছে। তাদের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান বলেন, “তারা ফায়ার সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার।”
ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক ও বর্তমানে বিজিএমইর পরামর্শক অবসরপ্রাপ্ত মেজর এমএম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভলান্টিয়াররা একটি পোশাক পান। কিন্তু এতো গরমে দুই দিন ধরে এক পোশাক পরে কাজ করা সম্ভব নয়। তাই তারা (ভলান্টিয়ার) অন্য পোশাকে কাজ করছেন।”
সারা দেশে এ রকম প্রায় পঁচিশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার রয়েছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। সাভারের উদ্ধার অভিযানে এ রকম কয়েক হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত বলে কর্মকর্তারা জানান।
ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনী উদ্ধার কাজে ‘তৎপর নয়’ বলে যে অভিযোগ উঠেছে- সে বিষয়ে মতিউর বলেন, “কথাটি সত্য নয়। লাশ ও আহত মানুষকে ভিতর থেকে বের করে হাসপাতালে নেয়ার কাজটি মূলত সাধারণ মানুষ করছে। তাই তাদের কাজ বেশি দেখা যাচ্ছে।
“আর কয়েকশ ফায়ার সার্ভিস কর্মী ও ভলান্টিয়ার ভেতরে কাজ করছেন। কোন দেয়ালটি ছিদ্র করা হবে, কোন দেয়ালটি অপসারণ করলে আরো বিপদ হতে পারে এ ধরনের টেকনিক্যাল সিদ্ধান্ত ফায়ার-সার্ভিস ও সেনাবাহিনীর দক্ষ কর্মীরাই নিচ্ছেন।”
