মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল- উপজেলার দূর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৫) ও তোফাজ্জল হোসেনের মেয়ে কণা আক্তার (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সিংগাইর থানার ওসি লিয়াকত আলী সাংবাদিকদের জানান, দুই শিশু সকালে উঠানে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করেও তাদের পায়নি। সকাল ১০টার দিকে তাদের লাশ নদীতে ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয় বলে জানান সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক খলিলুর রহমান।
