না’গঞ্জে হামলা ঘটনায় শ্রমিকদের নামে মামলা
নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরী এবং রূপগঞ্জের তারাবো এলাকায় বিক্ষুদ্ধ তৈরি পোষাক শ্রমিকদের হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিসিক শিল্প নগরীর অবন্তী কালার মিলস লিমিটেড ও রূপগঞ্জের তারাবো এলাকায় শরীফ মেলামাইনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
বুধবার সাভারে বহুতল ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে জাতীয় শোক দিবস ঘোষণা করে সরকার। এদিন কারখানা খোলা রাখায় বিক্ষুদ্ধ শ্রমিকরা এ হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ পুলিশের।
হামলার পর পরই অবন্তী কালার কারখানার প্রশাসনিক কর্মকর্তা মিঠু সরকার বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানায় ওসি আকতার হোসেন।
মামলায় অজ্ঞাত তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে। হামলায় অবন্তী কালার কারখানার এক কোটি ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, শরীফ মেলামাইন কারখানায় আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারখানার ব্যবস্থাপক তাপস কুমার সাহা বাদী হয়ে মামলা করেন।
অজ্ঞাত ৯ থেকে ১০ হাজার শ্রমিককে আসামি করা হয়েছে মামলায়।
ভাংচুরে কারখানার প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি এবং ১৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে এ মামলায় উলেøখ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান থানার ওসি আব্দুল মতিন।
বুধবার সাভারের নয় তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। যাদের মধ্যে প্রচুর তৈরি পোষাক শ্রমিক রয়েছেন।
ভবনটির কয়েকটি তৈরি পোষাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন বলে জানান সংশ্লিষ্টরা।
