দুই শিল্প পুলিশকে জীবিত উদ্ধার
সাভারের বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসের প্রায় ৪৮ ঘণ্টা পর সেখানে আটকে পড়া দুই শিল্প পুলিশকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এরা হলেন- শিল্প পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মুকুল কুণ্ডু ও কনস্টেবল রফিকুল ইসলাম।
তাদের সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাতপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রানা প্লাজার চতুর্থ তলায় ফাটল দেখা দিলে ওখানে কারখানাগুলো বন্ধের নির্দেশ দেয় শিল্প পুলিশ।
বুধবার সকালে ওই দুই গোয়েন্দা কর্মকর্তা কারখানা খোলা আছে কিনা তা দেখতে সেখানে যাওয়ার পর পরই নয় তলা ভবনটি ধসে পড়ে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
এরপর থেকেই তাদের কোনো হদিস ছিল না। এমনকি তাদের দুজনেরই মুঠোফোন বন্ধ ছিল।
এদিকে ধসে পড়া ভবন থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান পুলিশের অতিরিক্ত আইজি শাহুদুল হক।
