রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬২ শিক্ষক-শিক্ষার্থীর জামিন
মামলা দায়েরের ১২ ঘন্টার মাথায় আদালত থেকে জামিন নিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনকারী ১৬২ জন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ১টায় রংপুরের মুখ্য বিচারিক হাকিম মনসুর আলম শুনানি শেষে সব আসামির জামিন মঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌসুলি রেজাউল হক রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদিপক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবী মুনীর চৌধুরী বলেন, “আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে, উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করার কারণে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে বুধবার রাতে কোতয়ালী থানায় মামলাটি করেন।
কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ এপ্রিল এই শিক্ষক-কর্মকর্তাদের নেতৃত্বে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় ১২ জন শিক্ষক-কর্মকর্তা এবং ১৫০ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
এদিকে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপাচার্য এবং নিবন্ধকের অপসারণ দাবি করেন।
মামলার আসামীরা হলেন, গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ইলিয়াস প্রামাণীক, পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আপেল মাহমুদ, প্রভাষক উমর ফারুক ও শাহিনুর রহমান, ইলেক্ট্রনিক্স অ্যাণ্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রভাষক ফেরদৌস রহমান, সহকারি রেজিস্ট্রার আমিনুর রহমান, মোর্শেদ উল আলম এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারি পরিচালক মামদুদুর রহমান।
দুর্নীতি বিরোধী মঞ্চের শিক্ষক নেতা মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ বলেন, “সত্যের জয় হবেই। আমাদের দাবিয়ে রাখতে উপাচার্য যত ষড়যন্ত্রই করেছেন প্রত্যেকটিতে পরাজিত হয়েছেন।”
উপাচার্যবিরোধী আন্দোলন করার অপরাধে ১৮ এপ্রিল ড. আর এম হাফিজুর রহমান সেলিম, ড. তুহিন ওয়াদুদ, আপেল মাহমুদ, উমর ফারুক, আমিনুর রহমান ও মামদুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এই আদেশ প্রত্যাহারের দাবিতে ২০ এপ্রিল উপাচার্যের বাসভবন ঘোরও করে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটের আঘাতে ৫ শিক্ষক-কর্মকর্তা ও ৬৫ শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর সিণ্ডিকেটের জরুরী সভায় তাদের সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
উপাচার্য আব্দুল জলিল মিয়ার কথিত অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে দুর্নীতি বিরোধী মঞ্চের ব্যানারে গত ৫ জানুয়ারী থেকে আন্দোলন করছেন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
