২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সোনালী ব্যাংকের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সোনালী ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সোনালী ব্যাংকে সংঘটিত অনিয়মের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে পরিচালনা পর্ষদ।

তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা দ্রুত পরিচালনা পর্ষদকে জানাতে হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে বিস্তারিত পর্যালোচনা করে সংঘটিত অনিয়মগুলো দ্রুত সংশোধন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে হলমার্ক গ্রুপই নিয়েছে ২৬৪০ কোটি টাকা।

এই জালিয়াতিতে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে, যাদের নামে ইতোমধ্যে মামলা হয়েছে।