গার্মেন্ট সচল রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাভারে ভয়াবহ ভবন ধসের পরও উৎপাদন অব্যাহত রাখতে পোশাক কারখানাগুলোতে কাজ চালিয়ে যেতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
ওই ধসের পর বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ রাখা নিয়ে বৃহস্পতিবার গুজবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “কোন কারণে উৎপাদন বন্ধ করেত চাই না। কারখানাগুলো খোলা থাকবে। শোক করতে পারি, কিন্তু উৎপাদন কমিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি না। উৎপাদন অব্যাহত রাখতে পারলেই দেশ থেকে দারিদ্র্য দূর করা যাবে।”
বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠগন, শ্রমিক ও মালিক সংগঠনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিষয়ে ভবন অনুমোদন সংক্রান্ত বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, তদন্তে তিনি দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মৃত ও আহত শ্রমিকদের নামের তালিকা নির্ভুলভাবে তৈরি, নিহত ও আহত শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বকেয়া পরিশোধ এবং আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।
এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয়ে একটি মনিটিরিং সেল করা হবে জানিয়ে তিনি বলেন, এই সেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও মালিক ও শ্রমিক প্রতিনিধিদের রাখা হবে।
মন্ত্রী বলেন, এসব কাজ তদারকিতে একটি সমন্বয় সেল করা হবে, যার মনিটিরিং কমিটির সঙ্গে কাজ করবে।
সাভারে ভবন ধসে যুক্তরাজ্য একটি বিশেষ উদ্ধার টিম পাঠানোর প্রস্তাব দিলেও সুষ্ঠুভাবে উদ্ধার তৎপরতা চলায় তাদের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিজিএমইএ ইতোমধ্যেই রানা প্লাজার চার কারখানার সদস্যপদ বাতিল করেছে বলে জানান মন্ত্রী।
সাভারের ভবন ধসের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল নানা অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা বিভিন্ন স্থানে ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি থেকে সাভারের ইউএনওকে বাদ দিয়ে ঢাকার জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান মহীউদ্দীন খান আলমগীর।
