দুজনকে ধরে নিয়েছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ভারতের সীমান্ত রক্ষীরা ধরে নিয়ে গেছে।
অপহৃতরা গরু আনতে সীমান্ত পাড়ি দিয়েছিল বলে জানিয়েছে বিজিবি। এরা হলেন- উপজেলার খেংটি গ্রামের আলাউদ্দিনের ছেলে আনু মিয়া (৩৫) এবং ইসলামপুর গ্রামের আমির হোসেনের ছেলে রুহুল আমিন (১৮)।
স্থানীয়রা জানায়, বুধবার মধ্যরাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভেল্কু সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন ব্যবসায়ীরা।তখন ভারতের কুচবিহার ১০৪ ব্যাটালিয়নের রতনপুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান।
এদিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের পূর্ব নাজির গোমানী সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে বিএসএফ বেদম পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারপিটে আহত ককোয়াবাড়ী এলাকার গোলজার হোসেনের ছেলে মনিরুজ্জামান রুজেনকে (১৬) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রুজেন নিজেদের বোরো ক্ষেতে সেচ দিচ্ছিল। ওই সময় বিএসএফের এক সদস্য অতর্কিতভাবে তাকে মারপিট শুরু করে। তার চিৎকারে অশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ ভুল স্বীকার করেছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
