২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যামামলায় রফিক আজাদের সাক্ষ্য

বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যামামলায় সাক্ষ্য দিয়েছেন কবি রফিক আজাদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 10:38 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার ঢাকার আদালতে কবি রফিক আজাদের সঙ্গে সাক্ষ্য দেন কবি হাবিবুল্লাহ সিরাজীসহ আরো ছয়জন, এর মধ্যে হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদও রয়েছেন।

সাক্ষ্যদাতা অন্যরা হলেন- হুমায়ুন আজাদের ভাই সাজ্জাদ কবির, ফটো সাংবাদিক ইফতেখার উদ্দিন আহমেদ পাভেল এবং রিকশাচালক সাইফুর রহমান।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যে রফিক আজাদ ২০০৪ সালে একুশের বইমেলার সময় হুমায়ুন আজাদের ওপর হামলার বর্ণনা দেন।

রফিক আজাদ ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তা সমর্থন করেন হাবিবুল্লাহ সিরাজী। অনন্য আজাদ এবং সাজ্জাদ কবির এর আগে দেয়া এ মামলার বাদি মঞ্জুর কবিরকে সমর্থন করে সাক্ষ্য দেন।

ফটো সাংবাদিক পাভেল তার তোলা আহত হুমায়ুন আজাদের দাখিল করা কয়েকটি ছবিকে সমর্থন করেন। রিকশাচালক সাইফুর ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরি সনাক্ত করেন।

জবানবন্দি দেয়ার পর আসামি পক্ষ এই সব সাক্ষীদের জেরা করতে অস্বীকৃতি জানায়।

বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূইয়া এই ছয়জনের সাক্ষ্য নেয়ার পর শুনানি মুলতবি করেন। এ মামলায় এ নিয়ে রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য নেয়া হলো।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশের ফুটপাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ।

চরমপন্থী ইসলামী জঙ্গিরা এই হামলা চালিয়েছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

কয়েক মাস চিকিৎসা নেয়ার পর ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই মৃত্যুর কারণ হিসেবে ওই হামলাকে দায়ী করে গত বছরের  ১০ সেপ্টেম্বর এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

আসামিরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল  আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন ওয়াজে বিষোদগার করা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে আসামি করা হলেও পরে বাদ দেয়া হয় তাকে।

আসামিরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। আসামিদের মধ্যে নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু পলাতক আছেন।