গাইবান্ধায় ‘যৌতুকের দাবিতে’ স্ত্রীকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার রাতে উপজেলার মারিয়া গ্রামের এ ঘটনায় নিহত দুলালী বেগম (২৫) বাগদা সদর কলোনী এলাকার মৃত দুলা মিয়ার মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সম্প্রতি শহিদুল ঘর নির্মাণ করার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে বলে। কিন্তু এতে দুলালী রাজি না হওয়ায় প্রায়ই তাকে মারধর ও মানসিক নির্যাতন করা হত।
বুধবার রাত ৮টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে বেদম মারপিট করেন শহিদুল।
এতে দুলালীর মৃত্যু হলে তার গলায় রশি দিয়ে শোবার ঘরের ধর্নার সঙ্গে লাশ ঝুলানোর চেষ্টা করে শহিদুল। কিন্তু বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে গেলে শহিদুল ও তার পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে দুলালীর ভাই আব্দুল লতিফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
