রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার মধ্যরাতের পর কোতয়ালী থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল। মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা মামলার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ এপ্রিল উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ শিক্ষক-কর্মকর্তা এবং ১৫০ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
মামলার গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক আর এম হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব তুহিন ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক মতিউর রহমান, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ইলিয়াস প্রামাণিক, পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আপেল মাহমুদ, প্রভাষক উমর ফারুক ও শাহিনুর রহমান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রভাষক ফেরদৌস রহমান, সহকারি নিবন্ধক আমিনুর রহমান, মোর্শেদ উল আলম এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারি পরিচালক মামদুদুর রহমানকে আসামি করা হয়েছে।
নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের নির্দেশে মামলাটি দায়ের করা হয়েছে।”
অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা করে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।
মামলা দায়েরের প্রতিবাদে বিকেলে জরুরি সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক সেলিম।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল জলিল মিয়ার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে দুর্নীতিবিরোধী মঞ্চের ব্যানারে গত ৫ জানুয়ারি থেকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের একাংশ।
আন্দোলন চলাকালে আর এম হাফিজুর রহমান সেলিম, তুহিন ওয়াদুদ, আপেল মাহমুদ, উমর ফারুক, আমিনুর রহমান ও মামদুদুর রহমানকে গত ১৮ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়।
এই আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা ২০ এপ্রিল উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছোঁড়ে। এতে ৫ শিক্ষক-কর্মকর্তা ও ৬৫ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পর পরই সিন্ডিকেটের জরুরি সভায় তাদের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
