২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার যাচ্ছেন খালেদা জিয়া

ভবন ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য বিকালে সাভার যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:55 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সকালে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন ও নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে বিরোধী দলীয় নেতা বিকাল ৪টায় সাভার যাবেন।”

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ১৭৫ জনেরও বেশি নিহত হয়েছে।

আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক হাজারের বেশি মানুষ। ঘটনার একদিন পরেও সেখানে উদ্ধার তৎপরতা চলছে।  

দুর্ঘটনার পর বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে সাভারে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ অঙ্গসংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মী কালো বুকে কালো ব্যাজ পরেছেন।

বিকালে কার্যালয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।