সাভারে ভবন ধসে রাজশাহীর ৬ জন নিখোঁজ
সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় নিখোঁজদের মধ্যে রাজশাহীর ছয়জন রয়েছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কমরপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে ফুলজান খাতুন (২৩), তার ভাই রাজিব (২৫), তাদের চাচাতো বোন রচিদন খাতুন (৩০), দুর্গাপুর উপজেলার চাইপাড়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ফয়েজন বেগম (৩৫), মান্দা উপজেলার বুলবুলি খাতুন (২৫) ও তার মামা একই উপজেলার আব্দুস সালাম (৪০)।
দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হন ছয় শতাধিক।
মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় চারটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়।
রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছেন। কংক্রিট কেটে বের করে আনার আগে তাদের জন্য পানির বোতল আর অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।
নিখোঁজ বুলবুলিল চাচা সাজ্জাদ হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ডিসেম্বরে বুলবুলি তার মামার সঙ্গে সাভারের রানা প্লাজার একটি গার্মেন্টসে কাজ নিয়েছিল। ভবন ধসের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
“আর তার মামা সালাম ভবনের ৪র্থ তলায় কাজ করতো। হাসপাতালের খাতায় তার নাম থাকলেও এখনো খোঁজ পাওয়া যায়নি।”
আরেক শ্রমিক ফুলজানের ভাই মাহাবুল ইসলাম বলেন, তারা চাচাতো ভাই-বোন মিলে তিনজন রানা প্লাজার ৫ম তলার পোশাক কারখানায় কাজ করতেন।
আর ফয়েজন বেগম ও তার স্বামী বেলাল হোসেন ভবনের ৮ম তলায় কাজ করতেন।
সকালে স্ত্রীকে রেখে বেলাল চা পানের জন্য নিচে নামার পর পরই ভবনটি ধসে পাড়ে।
বেলাল তার স্ত্রীকে খুঁজে পাননি বলে জানান তার চাচা মোজাহার আলী মোজা।
