সাতক্ষীরায় গৃহশিক্ষক খুন
সাতক্ষীরায় এক গৃহ শিক্ষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূবর্ত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে শেখ এনামুল হক ওরফে দুখু (৩০) নামের এই গৃহশিক্ষক খুন হন।
বুধবার কালিগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শিক্ষক উপজেলার গড়ইমহল গ্রামের শেখ রজব আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি মীর খায়রুল কবীর জানান, শেখ এনামুল হক মঙ্গলবার রাতে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে দুলাবালা গ্রামে রাস্তায় পৌছালে দুবৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।সকালে পথচারিরা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এনামুল হকের মৃতদেহ, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও বাই-সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে বুধবার নিহতের ভাই আদর আলী কালিগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
