সাভারে শিল্প পুলিশের দুই সদস্য নিখোঁজ
সাভারের ধসে পড়া রানা প্লাজা তদন্তে আসা শিল্প পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্য নিখোঁজ রয়েছেন।
তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন শিল্প পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মুকুল কুন্ড ও কনস্টেবল রফিকুল ইসলাম।
পুলিশের ধারণা ধসে পড়া ভবনের ভেতর তারা আটকা পড়েছেন।
শিল্প পুলিশের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভবনটির চতুর্থ তলায় ফাটল দেখা দিলে ওখানে কারখানাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়।
বুধবার সাকালে ওই দুই গোয়েন্দা কর্মকর্তা কারখানা খোলা আছে কিনা তা দেখতে আসেন।
তারা কারখানায় যাওয়ার পরই ভবনটি ধসে পড়ে। এরপর থেকেই তাদের কোনো হদিস নেই। এমনকি তাদের দুজনেরই মুঠফোন বন্ধ পাওয়া যায়, বলেন সাত্তার।
তিনি আরো বলেন, “আমরা ধারণা করছি ভবন ধসে পড়ার পর তারা ভিতরে আটকা পড়েছেন। তবে জীবিত আছেন কিনা তা আমরা নিশ্চিত নই।”
সকাল সাড় ৮টার দিকে যুবলীগ নেতা মো. সোহেল রানার মালিকানাধীন নয় তলা রানা প্লাজা ধসে পড়ে।
