২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনশ’বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার দুপুরে বাঘারপাড়া থানায় এ মামলাটি করেছেন খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাঘারপাড়া থানার ওসি শাহ দারা খান সাংবাদিকদের বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৪০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ’ থেকে তিনশ’জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

মঙ্গলবার হরতাল চলাকালে বাঘারপাড়ার ভাটা আমতলা এলাকায় হরতালসমর্থকরা বাঘারপাড়া থানার ওসি রামপ্রসাদ ভক্ত, উপ-পরিদর্শক (এসআই) মাফিজ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলীকে পিটিয়ে জখম করে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর মীর্জাপুর গ্রামের বাবু মণ্ডল, টোকন বিশ্বাস ও শামীম হোসেনকে আটক করেছে বলে জানান ওসি শাহ দারা খান।