ভবন ধসের জন্য দায়ীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
সাভারে বহুতল ভবন ধসের জন্য দায়ীদের গ্রেপ্তার এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়।
এছাড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আট শতাধিক মানুষকে আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়েছে।
সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, বাসদ নেতা মাহবুবুর রহমান ইসমাইল, সিপিবি নেতা রবীন্দ্র দাস, বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা দুলাল সাহা, আব্দুল হাই শরীফ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সরকারের দায়িত্বহীনতার কারণে একের পর এক বহুতল ভবন ধস ও আগুন লাগার মত ঘটনা ঘটছে। অসংখ্য শ্রমিক ও সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে। কিন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে তারা উল্লেখ করেন, অতীতে ‘স্পেকট্রাম’ ও ‘গরিব অ্যান্ড গরিব’ নামের দুটি পোশাক কারখানা ধসে পড়েছিল।অনেক শ্রমিক নিহত হওয়ার পরও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গত বছর সাভারের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হলেও কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়নি।
তারা বলেন, বুধবার সকালে সাভারে বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে এ পর্যন্ত প্রায় শতাধিক লোকের মৃত্যুর তথ্য জানা গেছে। মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংস্তূপের নিচে শত শত মানুষ আটকে আছে।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ভবনে ফাটল ধরলেও সেখানে কাজ বন্ধ রাখা হয়নি। কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখলে ব্যাপক মানুষের প্রাণহানি ঠেকানো যেতো।
‘অতীতে বিভিন্ন ভবন ধস ও আগুন লাগার ঘটনায় মালিক- কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় আজ আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটলো।’
