চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জে হরতালে কিশোর নিহতের ঘটনায় ডাকা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে ইসলামী ছাত্র শিবির।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোর তাদের কর্মী দাবি করে জেলায় আধাবেলা হরতাল ডেকেছিল জামায়াতের এই ছাত্র সংগঠন।
বুধবার বিকাল ৪টায় হরতাল আহ্বানের দেড় ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি সফিক এনায়েতুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করায় হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বুধবার সকালে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আজগর আলী লিমন (১৪) নিহত হয়।
সে শহরের উপর-রাজারামপুর মহল্লার লোকমান হোসেনের ছেলে এবং হামিদউল্লাহ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ইসলামী ছাত্র শিবির লিমনকে নিজেদের কর্মী বলে দাবি করে।
পুলিশ সুপার বশির আহমেদ বলেন, লিমন কীভাবে মারা গেছে তা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
