কাপ্তাইয়ে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’
রাঙামাটির কাপ্তাই থানা হাজতে হত্যা মামলার এক আসামি ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দূর্গাচরণ তংচংগ্যা (২৮) নামের ওই আসামি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি বেলায়েত হোসেন।
স্ত্রী হত্যার অভিযোগে মঙ্গলবার উপজেলার ওয়াঙ্গা ইউনিনের বটতলী নুনছড়ির মোন পাড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি বেলায়েত হোসেন জানান, নিজের লুঙ্গি হাজত কক্ষের ভেন্টিলেটারের সঙ্গে ঝুলিয়ে গলায় ফাঁস দেয় দূর্গাচরণ।
এক পর্যায়ে লুঙ্গি ছিঁড়ে নিচে পড়ে গেলে কর্তব্যরত এক পুলিশ শব্দ শুনতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত সোমবার স্ত্রী হ্লানুচিং মারমা (২০) বিষপানে আত্মহত্যা করেছে জানিয়ে তার লাশ দাফন করেন দূর্গাচরণ।
এরপর মৃতের বাবা উ সু প্রু মারমা তার মেয়েকে হত্যার অভিযোগ এনে দুর্গাচরণের বিরুদ্ধে মঙ্গলবার কাপ্তাই থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর দুর্গাচরণকে গ্রেপ্তার করে থানা হাজতে এনে রাখে পুলিশ।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা মাসুদ আহাম্মদ চৌধুরী জানান, প্রাথমিক পর্যবেক্ষণে গলায় ফাঁস দিয়ে দূর্গাচরণের মৃত্যু হয়েছে পুলিশ ধারণা করছে।
