২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে পিকেটার ও বিরোধীদের সংঘর্ষ

রাজশাহীর চারঘাট উপজেলায় হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকাল ১০টার দিকে হলদাগাছী মোড়ে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ছাত্রলীগনেতা আরাফাত রেজা ও বিএনপিকর্মী সেকেন্দার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশের পরিদর্শক (তদন্ত) সাকিল আহমেদ, এসআই ওসমান গনি ও আল মামুনসহ চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চারঘাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, সকাল ১০টার দিকে হলদাগাছী মোড়ে হরতাল সমর্থকরা পিকেটিং করছিল। এ সময় জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আরাফাত রেজা ওই পথ দিয়ে যাওয়ার সময় পিকেটাররা তার মোটরসাইকেল ভাংচুর ও তাকে মারপিট করে।

এর জের ধরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতকর্মীদের সংঘর্ষ বাধে।

তিনি আরো জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপি-জামায়াতকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।

এতে ওসি তদন্ত ও দুই এসআইসহ পাঁচ পুলিশ আহত হন।

এছাড়া উভয়পক্ষে আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।