২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে হরতাল প্রত্যাহার

সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান নির্বিঘ্ন এবং আহতদের দ্রুত চিকিৎসার পথে বাধা দূর করতে সারা দেশে হরতাল প্রত্যাহার করেছে বিরোধী দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। এতে পূর্ব ঘোষণার আড়াই ঘণ্টা আগেই শেষ হলো বিরোধী দলের টানা দুই দিনের হরতাল।

উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে এবং আহতদের দ্রুত চিকিৎসার পথে বাধা দূর করতেই হরতাল প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানান।

শামসুজ্জামান দুদু বলেন, “সাভারের ভবন ধসে ব্যাপক প্রাণহানির মানবিক দিক বিবেচনায় রেখে আমাদের নেত্রী খালেদা জিয়া এই মুহূর্ত থেকে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।  ঘটনার পর প্রথমে আমরা সাভার ও আশপাশের এলাকায় হরতাল শিথিল করি।”

“তবে দুর্ঘটনায় প্রাণহানির ভয়াবহতা জানার পর দুপুরে ঢাকা জেলা ও মহানগরে  হরতাল প্রত্যাহার করে নেয়া হয়। এখন সারাদেশ থেকে এই হরতাল প্রত্যাহার করে নেয়া হলো।”

দুদু জানান, ভবন ধসে আহতদের রক্ত দেয়ার জন্য নয়া পল্টনে দলীয়  কার্যালয়ের নিচে ব্লাড ক্যাম্প করা হয়েছে। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে। এখানে রক্ত সংগ্রহ করে তা দুর্ঘটনায় আহতদের সরবরাহ করা হবে।

এর আগে দুপুর আড়াইটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এক সংবাদ ব্রিফিংয়ে সাভারে ভবন ধসের ঘটনায় ঢাকা জেলা ও মহানগরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। এখনো সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

এমকে আনোয়ার বলেন,  সকালে এই দুর্ঘটনার কথা জানার পরপরই সাভার থানা ও পৌর এলাকায় হরতাল শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়া  ঘটনার পরপরই উদ্ধার অভিযান অংশ নেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।