২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় খাস পুকুরের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

বগুড়ার কাহালু উপজেলায় দুইটি খাস পুকুরের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে।  আহত হয়েছে আরো অন্তত তিনজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 08:06 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাতুঞ্জা গ্রামে এ সংঘর্ষে রুহুল আমিন (৪৮) নিহত হন।

সংঘর্ষে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতুঞ্জা গ্রামের দু’টি খাস পুকুর নিয়ে ভূমিহীন সমবায় সমিতির সঙ্গে একই গ্রামের আশরাফ আলী ও ইয়াকুব আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুকুরের মালিকানা নিয়ে মামলাও রয়েছে।

সম্প্রতি হাইকোর্ট ভূমিহীন সমবায় সমিতির পক্ষে একটি আদেশ দিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

সকালে ভূমিহীন সমবায় সমিতির রুহুল আমিন কয়েকজনকে নিয়ে পুকুরে যাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ আশরাফ আলী ও ইয়াকুব আলীর লোকজন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে রুহুল আমিনসহ চারজন আহত হয়।

আহত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।