গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
মেহেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।
বুধবার সকালে উপজেলার শিমূলতলা গ্রামের বিএনপি সমর্থক বুদু মণ্ডল ও মিনাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক শামসুল হক পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত রুস্তম আলী শিমুলতলা গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, জমির মালিকানা নিয়ে শামসুল হক ও বুদু মণ্ডলের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে গত সোমবার তাদের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয় । ওই সময় মারাত্মক আহত মামুন নামের একজন মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ খবর গ্রামে আসার পর বুধবার ভোরে শামসুলের লোকজন শিমুলতলা গ্রামের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১৫টি বাড়িতে লুটপাট করে।
এছাড়া তারা বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি হামলা শুরু করে। এ সময় বিএনপি সমর্থক রুস্তমকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে ওসি আলমগীর হোসেন আরো বলেন, গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
