কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসকসহ আহত ২
কক্সবাজার শহরে সন্ত্রাসী হামলায় এক পল্লী চিকিৎসকসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের আদালত পাড়ার আইন কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লী চিকিৎসক সুনীল কুমার বঙ্গপাহাড়ের হাসান কলোনীর বাসিন্দা।শহরের বিমান বন্দর সড়কের ৬ নম্বর ঘাটে হীরন্ময় মেডিকেল হল নামে তার একটি ওষুধের দোকান আছে।
আহত, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা জানান, সুনীল কুমার একটি রিক্সায় চড়ে বাড়ি ফেরার পথে আইন কলেজের কাছে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা এক নারীসহ চার দূর্বৃত্ত পরপর দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে সুনীল ও তার রিকশাচালক আহত হয়।
গুলিবর্ষণের পরপরই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে বলে ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।
