কাশিমপুরে ফাঁসি কার্যকর
স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হল গাজীপুরের কাশিমপুর কারাগারে।
দণ্ডিত মো. ছালেহ নূর (৪৮) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফকিরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে তার ফাঁসি কার্যকর হয় বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব আনুষ্ঠানিকতা শেষে ধর্মীয় নিয়ম নীতি অনুসরণ করেই ছালেহ নূরকে রাত ১২টা ০১ মিনিটে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
“মৃত্যুর আগে আসামি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিলেন। তিনি বলেছেন, স্ত্রী-সন্তান হত্যার অপরাধে মৃত্যুই তার প্রাপ্য সাজা,” বলেন এই কারা কর্মকর্তা ।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মঞ্জুরুল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরকীয়া প্রেমের জেরে ২০০২ সালের ৫ মার্চ স্ত্রী রেণু আক্তার এবং ৩ মাসের শিশু সন্তান আমাতুন নূরকে ঘুমের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেন ছালেহ নূর।
প্রবাসী ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে স্ত্রী-সন্তানকে হত্যার কথা আদালতে স্বীকার করেছিলেন এই ব্যক্তি।
এরপর মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে গত ২৭ মার্চ তা-ও নাকচ হয় বলে কারা কর্মকর্তারা জানান। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি শুরু হয়।
ছালেহ নূরের ফাঁসির সময় কারারক্ষক ছাড়াও গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
