আমার দেশ পত্রিকার ১৪ কর্মচারীর জামিন
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার ১৪ কর্মচারীকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম তানবীর আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- স্বপন হোসেন, সুমন হোসেন, সাব্বির হোসেন, আরাফাত রহমান, সুমানিক, জিয়াউর রহমান, সোহাগ, শেখ মাসুদ, আবু নাইম, শাকিল ইসলাম, মিঠুন চন্দ্র দাস, রাজিব, মাহমুদুর রহমান ও সাজু।
গত ১৩ এপ্রিল এই ১৪ জনসহ ১৯ আসামিকে মগবাজারে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের ছাপাখানা আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে থাকা অপর পাঁচ আসামির জামিন আবেদনের ওপর শুনানি হবে বুধবার।
ওই পাঁচজন হলেন- আব্দুর রউফ, দুলাল, রমজান, আল আমিন ও আপেল মাহমুদ।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন জসীম ও আশরাফ উল আলম প্রমুখ।
তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গত ১১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে মাহমুদুর পিজি হাসপাতালে চিকিৎসাধীন।
