বন্দরনগরীতে উত্তাপহীন হরতালের প্রথম দিন
উত্তাপহীন ভাবে চট্টগ্রামে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন শেষ হয়েছে।
নগরীতে হরতালের তেমন কোন প্রভাব না পড়লেও বিএনপি নেতাদের দাবি জনগন স্বত:স্ফূর্তভাবে সারাদেশে হরতাল পালন করছে।
সকাল থেকে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ভাংচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হলেও এর তেমন কোন প্রভাব পড়েনি।
নগরীর বিভিন্ন সড়কে সকাল থেকে অটো রিকশাসহ ছোট যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সড়কগুলোতে গণ পরিবহনের সংখ্যা বেড়ে যায়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্টেশন রোড এলাকায় ঢিল ছুড়ে একটি ট্রাকের কাঁচ ভেঙ্গেছে হরতাল সমর্থকরা। এছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
এদিকে, বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সীমাহীন ‘দুর্নীতি-লুটপাটে’ দেশের অর্থনৈতিক অবস্থা ‘ধ্বংসপ্রায়’।
বর্তমানে ব্যবসায়ীদের হাতে ব্যবসা নেই –এ দাবি করে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, “ব্যবসা চলে গেছে এখন সরকার দলীয় লোকদের হাতে। সরকারের অনেক লোক এখন ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানির মালিক হয়েছেন।”
এই বিএনপি নেতা এও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সারা বছর সরকারী কর্মকর্তা থাকলেও বর্তমানে তিনি ৪০০ কোটি টাকা খরচ করে ব্যাংক মালিক হয়েছেন।
নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
