চট্টগ্রামে জব্বারের বলী খেলা বৃহস্পতিবার
চট্টগ্রামের লালদীঘি ময়দান ও এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বুধবার থেকে শুরু হচ্ছে আবদুল জব্বারের বলী খেলা উপলক্ষে তিনদিনের বৈশাখী মেলা।
এবছর বসছে এ মেলার ১০৪ তম আসর। বৃহস্পতিবার বিকালে বসবে মেলার অন্যতম আকর্ষণ ‘কুস্তি প্রতিযোগিতা’।
১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে স্থানীয় বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করেছিলেন।
এরপর থেকে প্রতি বাংলাবছরের ১২ বৈশাখ এ কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ধীরে ধীরে এ মেলা ও বলী খেলা চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের মেলায় রূপ নিয়েছে।
এদিকে, মেলা উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল বেলা দুইটা পর্যন্ত করা হয়েছে।
বুধবার থেকে এ মেলা শুরু হলেও ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা লালদীঘি মাঠের আশপাশের কোতোয়ালী মোড়, টেরিবাজার, আন্দরকিল্লা, হাজারি গলি, কেসি দে রোড, সিনোমা প্যালেস, জেল রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
আসবাবপত্র, বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য, ঘর সাজানোর নানা সামগ্রী, পাটি, মাদুর, বিভিন্ন ধরনের মাটির জিনিস, শিশুদের খেলনা ও নানা ধরনের গাছ-গাছালির দোকান বসেছে পুরো এলাকায়।
মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ২৫০ জন প্রতিযোগী ‘কুস্তি প্রতিযোগিতায়’ নাম নিবন্ধন করেছেন।
তিনি আরও জানান, প্রতিযোগীর সংখ্যা আরও বাড়তে পারে বুধবার পুরো দিন এমনকি বৃহস্পতিবার প্রতিযোগিতার আগ মূহুর্তেও অনেক প্রতিযোগী অংশ নিবেন।
মেলার নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কুস্তি প্রতিযোগিতার (বলী খেলা) উদ্বোধন করবেন চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
গত বছর এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ইকবাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অলি হোসেন।
লালদীঘির মাঠ ও এর আশেপাশের এলাকায় বৈশাখী মেলাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (বিশেষ শাখা) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনে মেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি তল্লাশির পাশাপাশি প্রতিদিন ২১০ জন করে পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এর বাইরে আশেপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহলও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
