‘বাচ্চু রাজাকারের’ অবস্থান জানে না সরকার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের অবস্থান সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “একাধিক দায়িত্বশীল সুত্রের বরাতে জানা গিয়েছে যে, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, যদিও দেশের বাইরে তার সর্বশেষ অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি।”
গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই এবং মামলা চলাকালীন পুরো সময়েই অভিযুক্ত আবুল কালাম আজাদ পলাতক ছিলেন বলে জানান তিনি।
পলাতক কোনো আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাকে বিস্তৃত কর্মযজ্ঞ হিসেবে উল্লেখ করে দীপু মনি বলেন, এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার এখতিয়ারভুক্ত নয়।
“তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির সম্মুখীন করার লক্ষ্যে স্বরাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা যাবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।”
যুদ্ধাপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দেয়। যুদ্ধাপরাধের চলমান বিচারপ্রক্রিয়ায় এটিই প্রথম রায়।
এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে দীপু মনি জানান, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বর্তমানে সশস্ত্রবাহিনীর ৬ হাজার ৯১৯ জন সদস্য কর্মরত আছেন। তারা সাতটি শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন।
বিকালে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
