বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘ-সিংহ
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের সংরক্ষিত এলাকায় ছয়টি বাঘ ও সাতটি সিংহ ছাড়া হয়েছে।
পার্কে ১১টি কুমির ও চারটি হাতি অবমুক্ত করার এক সপ্তাহের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় এসব প্রাণী ছাড়া হল।
পার্কের প্রকল্প পরিচালক ড. তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিংহ ও বাঘগুলো দক্ষিণ আফ্রিকা এবং কুমির ও হাতিগুলো ভারত থেকে আনা হয়েছে।
২০১১ সালের ২ ফেব্রুয়ারি গাজীপুরে তিন হাজার ৮১০ একর জমিতে ওই সাফারি পার্ক প্রকল্পের ভিত্তিস্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
২০১২ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন বিষয় অন্তর্ভুক্ত করায় পুরো পার্কটির নির্মাণ শেষ হবে ২০১৪ সালের জুন মাসে। ইতোমধ্যে এর শতকরা ৭০ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে।
পার্কের দর্শনার্থীদের জন্য ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে বিনোদন কেন্দ্র ও পর্যাপ্ত পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হবে।
নির্মাণ করা হবে পর্যাপ্ত টিকিট কাউন্টার, ছাউনি, রেস্টুরেন্ট, বায়োডাইভারসিটি পার্ক, কৃত্রিম হ্রদ, প্যারট অ্যাভিয়ারি, ডরমিটরি, তথ্য ও শিক্ষাকেন্দ্র, ঐরাবতী বিশ্রামাগার, শৌচাগার ও গ্যারেজ।
প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ২১৯ কোটি ৮৯ লাখ টাকা।
কক্সবাজারের ডুলাহাজারায় প্রায় ৯০০ হেক্টর জমিতে রয়েছে এ ধরনের আরেকটি সাফারি পার্ক।
